কাপাসিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

গাজীপুরের কাপাসিয়ায় সোমবার বিকেলে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির এক ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বাল্য বিয়ে আয়োজনের অপরাধে বর ও কনে উভয় পক্ষকে ১০ হাজার টাকা করে এবং বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কাজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, সোমবার উপজেলা সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের মোঃ আব্দুল হান্নানের স্কুল পড়ুয়া মেয়ে নীলা আক্তারের সাথে সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের হাবিজ উদ্দিনের ছেলে মোঃ মোতালিবের বিয়ের আয়োজন চলছিল। বাল্য বিয়ে আয়োজনের খবর পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। এ সময় বাল্যবিয়ে আয়োজনের অপরাধে বর ও কনে উভয়ের অভিভাবককে ১০ হাজার টাকা করে এবং সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মাহমুদুল হাসান মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। নীলা আক্তার কাপাসিয়া হরিমঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।