‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পোষাতে সব ব্যবস্থা নেওয়া হবে’

করোনাভাইরাস পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার (১০ মে) রাজধানীর বেইলী রোডের সরকারি বাসভবন থেকে মাঠ পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থতিতে করণীয় বিষয়ে মতবিনিময়ের সময় তি‌নি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র চাষি ও খামারি থেকে শুরু করে বাণিজ্যিক উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দিতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আর্থিক প্রণোদনা দেওয়া, স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়া, কারিগরি সহায়তা এবং মৎস্য ও প্রাণী খাদ্যে ভর্তুকি দেওয়ার মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার।

তিনি মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দেশের এই ক্রান্তিকালে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।  দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে সংশ্লিষ্ট উৎপাদক ও খামারিদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান।

এসময় মন্ত্রী বলেন, ‘মৎস‌্য ও প্রাণিসম্পদ খাত দেশে মাছ, মাংস, ডিম ও দুধের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পর্যায়ে পৌঁছেছে। করোনার কারণে কোনোভাবেই যেনো উৎপাদন প্রক্রিয়া ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। ’

মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন ব্যাহত হলে করোনা পরবর্তী সময়ে খ্যদ্যাভাব ও পুষ্টিহীনতায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা ব্যক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিস ও মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।  এছাড়া মাছ, দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেন।