২৪ পৌরসভার প্রথম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দেশের ২৪ পৌরসভার প্রথম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এর আগে আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রদান করেন ভোটাররা। এদিকে ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। এছাড়া খুলনার চালনা পৌরসভা নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী আবুল খায়ের খান।তবে এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা যেমন নতুন উদ্দীপনায় ভোট দিয়েছেন তেমনি অনেক স্থানে এই মেশিনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা।পূর্ব অভিজ্ঞতা না থাকায় বিষয়টি বুঝে উঠতে না পেরে অনেকেই ভোট দিতে অধিক সময় নিয়েছেন। এতে বাইরে লাইনে অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে বাকি ভোটারদের। আবার অনেক কেন্দ্রে আঙুলের ছাপ না মেলাতেও বিপাকে পড়েন ভোটাররা।