গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এক, তদন্ত কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ীতে এএসএম কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এতে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড প্ল্যান্ট পুড়ে গেছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় আগুন লাগা সাত তলা ভবনের নিচতলায় ঐ মরদেহটি পাওয়া যায়। bশ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। আলমগীর হোসেন (৩০) নামে ওই ব্যক্তি কারখানার শ্রমিক বলে জানিয়েছেন তিনি। নিহত আলমগীর শ্রীপুর পৌর উজিলাব এলাকার বাসিন্দা। এর আগে কারখানার জিএম (এডমিন) মো. আছিবুর রহমান সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উন্নত চিকিৎসা চলছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। অপরদিকে কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছেন জেলা প্রশাসক এস এম, তরিকুল ইসলাম। গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এএসএম কেমিক্যাল কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।