গাজীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ

কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে গাজীপুরে ইয়াবা পাচারকালে সন্দেহ জনক এক রোহিঙ্গা যুককে গ্রেফতার করেছে, গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা  ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সাইদ মোহাম্মদ নোবেল কক্সবাজার জেলার উখিয়া থানার পাগলিরবিল এলাকার সাবের আহম্মেদের ছেলে।  গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের নলজানী এলাকায় অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে গ্রেফতার করে বাসন থানা পুলিশ। শনিবার দুপুরে জিএমপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার অপরাধ(উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামছ জানান, একটি অসাধু চক্র গাজীপুর রেডএক্স পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল। এমন সংবাদে, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে বাসন থানার এসআই মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গীয় ফোর্স,  গত শুক্রবার সন্ধ্যায় মহানগরের নলজানী এলাকায় চেকপোস্ট বসিয়ে কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভিতরের বক্সে অভিনব কায়দার ইয়াবা পাচারকালে সন্দেহজনক রোহিঙ্গা যুবককে গ্রেফতার ও ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 
ডিসি ক্রাইম আরো জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত ওই যুবক রোহিঙ্গা হতে পারে। আসলে সে রোহিঙ্গা কি-না সে বিষয়ে খোঁজ খবর নেয়া হবে। উদ্ধারকৃত ইয়াবা ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। এ বিষয়ে বাসন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।