পাকিস্তানে টি-টোয়েন্টির পর টেস্ট সফরের সিদ্ধান্ত: বিসিবি
- In -- খেলাধুলা --
- Dec 24, 2019 --
জাতীয় দলের পাকিস্তান সফর নিয়ে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানে দল পাঠাবে কি পাঠাবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশেষ করে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া বক্তব্যের পর বিসিবি কিছুটা ব্যাকফুটে। তবে এখনই টেস্ট সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজী নয় বিসিবি।
পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও বাংলাদেশ দুটি টেস্ট খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তানে এক সপ্তাহ সফর করতে চায় বাংলাদেশ। এক ভেন্যুতে ওই নির্দিষ্ট সময়ে খেলতে চায় তিন টি-টোয়েন্টি। দীর্ঘ সময়ের জন্য পাকিস্তান সফরে পক্ষপাতি নয় বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতেই বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাব ফিরিয়ে দিয়ে গতকাল পিসিবি প্রধান এহসান মানি বলেছেন,‘ পাকিস্তানের হোম টেস্ট কোথায় হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো সুযোগ নেই। পাকিস্তানের সব ম্যাচ এখন থেকে দেশের মাটিতেই হবে। সেটা বাংলাদেশের বিপক্ষে হোক কিংবা অন্য দেশের বিপক্ষে।’
পিসিবির এমন বক্তব্যের পর বিসিবি বলছে, পাকিস্তানে আগে টি-টোয়েন্টি খেলে আসতে চায় বাংলাদেশ। টি-টোয়েন্টি পর টেস্ট সফরের সিদ্ধান্ত হবে।
মিরপুরে মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,‘পাকিস্তানের যে অবস্থা…তাতে তাঁরা তো চাইবেনই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোমাত্রায় ফিরে আসুক। সেই চিন্তা থেকেই তাঁরা হয়তো ওই ধরনের কথা বলেছেন। কিন্তু আপনারা জানেন যে ম্যাচ এনভায়রন্টমেন্টের একটা ব্যাপার আছে।’
‘একই সাথে ম্যাচের সাথে সম্পৃক্ত আমাদের যে খেলোয়াড় আছে, টিম ম্যানেজমেন্ট আছে তাদের অংশগ্রহণের ব্যাপার আছে। আমাদের টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সদস্য দেশের বাইরের, বিদেশি কোচিং স্টাফ। এ ছাড়া আরো যারা সম্পৃক্ত আছেন, সবার সাথে আলোচনা করে লম্বা সময় পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’
‘আমাদের প্রাথমিক প্রস্তাবটা হচ্ছে, আমরা যদি সীমিত সময়ের জন্য তিনটি টি-টোয়েন্টি খেলে আসতে পারি; তাহলে সবাই পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবে। এরপর টেস্ট সফরের সিদ্ধান্ত।’
এর আগে শ্রীলঙ্কা এভাবেই পাকিস্তান সফর করেছিল। এ বছরের অক্টোবরে তারা পাকিস্তান সফর করেছিল শুধুমাত্র টি-টোয়েন্টির জন্য। যদিও তাদের অধিকাংশ খেলোয়াড় সেই সময়ে পাকিস্তান সফর করেনি। ডিসেম্বরে শ্রীলঙ্কার মূল দলের খেলোয়াড় পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট খেলে।
বিসিবি সেভাবেই সফরের পরিকল্পনা সাজিয়েছে! লাহোরে ২৩, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি আয়োজন করতে চায় পিসিবি। টি-টোয়েন্টির পর হবে টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডি এবং করাচিতে দুটি টেস্ট আয়োজনের পরিকল্পনা পিসিবির।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)