গাজীপু‌রের কাশিমপুরে অভিনয় শিল্পীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৫

গাজীপু‌রের কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয়শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ‌্যায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জাহাঙ্গীর আলম, সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও সাহাবুল। কাশেমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডে‌কে নেয় ওই অভিনয়শিল্পীকে। পরে জাহাঙ্গীরের বাসায় আটকে রেখে ওই শিল্পীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।  মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। রাতেই অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।