গাজীপুরে চালককে হত্যার পর সুতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ২
- In -- আইন ও অপরাধ --
- Feb 13, 2021 --
গাজীপুরে কাভার্ড ভ্যান ড্রাইভার মুন্নাফ সরকারের হত্যার সাথে জড়িত মূল আসামিসহ ২ আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ডিসি জাকির হোসেন জানান, গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে ন্যাশনাল পার্কের ৫ নং গেইটের পাশ থেকে গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নাফ সরকার (৫০) কুমিল্লা জেলার হোমনা থানার হরিপুর এলাকার প্রয়াত রাজ্জাক গাজীর ছেলে। সে পেশায় একজন কাভার্ড ভ্যান ড্রাইভার ছিলো। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. নাজমুল হোসেন (২২), রংপুর জেলার কোতোয়ালী থানার দেওয়ানটুলি এলাকার মো. মনোয়ার হোসেনের ছেলে এবং গকুল চন্দ্র সরকার (৩০) গাজীপুরের কালিয়াকৈর থানার আটাবহর এলাকার মানিক চন্দ্র সরকারের ছেলে। নিহত কাভার্ডভ্যান চালক মুন্নাফ সরকারের স্ত্রী জানান, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার ভাড়া বাসা হতে নারায়ণগঞ্জ যাবেন বলে বের হন। দিন শেষে বাসায় ফিরেনি। বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে তার স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার স্বামীর গলাকাটা লাশ শনাক্ত করেন । পরে হত্যাকাণ্ডের বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি স্পিনিং মিলস থেকে ১২২ বস্তা সুতা নিয়ে মুন্নাফ সরকার আসতে ছিল। পথিমধ্যে আসামীরা তাকে জবাই করে সড়কে ফেলে দেয়। পরে সুতা ভর্তি কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ধামরাই থানা এলাকা হতে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে লুণ্ঠিত কাভার্ড ভ্যান উদ্ধার করে। ১২ ফেব্রুয়ারি কাশিমপুর থানার জিরানী এলাকা থেকে আসামী গকুল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার হেফাজত থেকে লুণ্ঠিত ১২২ বস্তা সুতা উদ্ধার করে। সুতার মূল্য ১৩ লক্ষ ৬৬ হাজার ৮শত টাকা বলে পুলিশের ধারণা।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)