গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা ও বাঘিয়া ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

গাজীপুর সিটি করপোরেশনের  কড্ডা  বাঘিয়া ও কোনাবাড়ি  এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান  গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা  বাঘিয়া ও কোনাবাড়ি  এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কড্ডা এলাকার বি এ বি ব্রিকস  এ বি সি ব্রিকস ও বাঘিয়া এলাকার বি এ বি ব্রিকসকে ভেঙ্গে গুঁড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং  কোনাবাড়ি ইউনিক সিরামিক  অটো ব্রিকস কারখানা অবৈধভাবে পরিচালনা করায় ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
 এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।